প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৭ পিএম

ফরিদপুর শহরের আলীপুর মহল্লা থেকে আমেরিকান তৈরি একটি অবৈধ দোনালা বন্দুকসহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ (৩৯) কে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশে গঠিত একটি যৌথবাহিনী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাহফুজুর রহমান সবুজের বাসা থেকে ইউএসএ-তে তৈরি একটি ডাবল ব্যারেল বন্দুক উদ্ধার করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “আটককৃত মাহফুজুর রহমান দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজ হেফাজতে রেখে আসছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এ বিষয়ে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান বলেন, “মাহফুজুর রহমান দলের মহানগর সদস্য সচিব। তিনি গ্রেপ্তার হয়েছেন বলে শুনেছি, তবে বিস্তারিত কিছু জানি না। দলীয় কমিটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দই নেবেন।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে