প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৪ পিএম

সংগৃহীত ছবি
‘জাতি হিসেবে আমরা সব সময়ই সুবিধাবাদী ও স্বার্থপর’ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
সাম্প্রতিক সময়ে একটি গণমাধ্যমে অংশ নেন হাবিব। সেখানে নুর ও তার দলের প্রসঙ্গ টানেন তিনি। তিনি বলেন, ডাকসু নির্বাচনে শিবির ও ছাত্রদলের প্রভাবে নুরের দলের প্যানেল কোনো সাড়া পায়নি। ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা পান মাত্র ১৩৬ ভোট।
নুরের শেয়ার করা ভিডিওতে হাবিবকে বলতে শোনা যায়, যে ছেলে ডাকসু নির্বাচনের জন্য আমরণ অনশন করেছিল, ভাবুন তো, যার কারণে আমরা ভোট দিতে গিয়েছি, সেই ছেলেকে এত বড় অপমান করবেন? ছাত্রদলের যত দোষই থাকুক, ভোট না দিলেও আপত্তি নেই। কিন্তু যারা আন্দোলনে ছিল, যারা ভোটটা এনে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, সেই ছেলেটা যে অনশন করেছে, তাকে কেন অবহেলা করলেন? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে?
ভিডিওটি শেয়ার করে নুর ক্যাপশনে লেখেন, জাতি হিসেবে আমরা সব সময় সুবিধাবাদী ও স্বার্থপর। যাদের কারণে আমরা অধিকার ফিরে পাই, মুক্ত হই, তাদেরকেই ভুলে যাই।
তার পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, বিন ইয়ামিন মোল্লা ভাইয়ের জন্য খারাপ লাগছে, আরও বেশি ভোট পাওয়া উচিত ছিল।
আরেকজন মন্তব্য করেন, সবাই জুলাইতে আন্দোলনে অংশ নিয়েছে, কাউকে আলাদা করে দেখা ঠিক না।
আবার কেউ লিখেছেন, ইয়ামিন মোল্লা তার ত্যাগ আর বিসর্জনের যথাযথ মূল্যায়ন ডাকসু নির্বাচনে পাননি।