প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৯ AM

সংগৃহীত ছবি
জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দুইদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা। মেলা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর, বুধবার ও বৃহস্পতিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায়।
মেলায় অংশগ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্যোক্তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা অনেক সময় উদ্যোগ নিয়ে বিপণন শুরু করেন, কিন্তু পরে প্রেরণা হারিয়ে বেকারত্বের কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। এই মেলার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রেরণা জাগানো এবং তা ধরে রাখা।
স্টল বুকিংয়ের শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর। দুইদিনব্যাপী মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা পাবেন প্রত্যয়নপত্র, এবং থাকছে সেরা স্টল সজ্জা ও সেরা উদ্যোক্তা নির্বাচনের পুরস্কার।
মেলায় অংশগ্রহণকারীদের কাহিনী বিশেষ ক্রোড়পত্রে প্রকাশ করা হবে এবং ভিডিও বার্তার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। মেলার শেষ দিন আয়োজন করা হবে কনসার্ট, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে।
অনুষ্ঠানের আয়োজক কমিটির সমন্বয়ক অমৃত রায় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দুইদিনব্যাপী উদ্যোক্তা মেলা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। জবিয়ান ভাই-বোনদের উপকৃত করতে এবং উদ্দ্যমী উদ্যোক্তা মানসিকতাকে উৎসাহিত করতে পারলেই আমাদের উদ্যোগ সফল হবে।