প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৭ AM আপডেট: ১৩.০৯.২০২৫ ৯:৪০ এএম

সংগৃহীত ছবি
এশিয়া কাপের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন লিটন কুমার দাস। আবুধাবির মাটিতে দেড়শ’র বেশি স্ট্রাইক রেটে রান তুলে হয়েছেন ম্যাচসেরা। শুধু ব্যাটিং নয়, টাইগারদের টি–টোয়েন্টি দলের নেতৃত্বও তিনি উপভোগ করছেন দারুণভাবে। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলও ছন্দে আছে।
চলতি বছর শর্টার ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ ইতিমধ্যেই লিটনের ঝুলিতে। হংকংয়ের বিপক্ষে ম্যাচে একসঙ্গে দুটি রেকর্ড ভেঙেছেন তিনি, আর দুটিতেই পেছনে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নাম লেখানোর সুযোগ আছে আরেকটি বিশেষ রেকর্ডে।
মাহমুদউল্লাহকে টপকে টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বাধিক ছক্কার মালিক হয়েছেন লিটন। রান সংখ্যাতেও তিনি পেছনে ফেলেছেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদউল্লাহকে। এখন লিটনের সামনে সুযোগ, দেশের হয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ রানের আসন দখল করার।
বর্তমানে শীর্ষে আছেন সাকিব আল হাসান, যার সংগ্রহ ২৫৫১ রান। লিটনের সংগ্রহ ২৪৯৬। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৫৬ রান করলেই সাকিবকে টপকে যাবেন দিনাজপুরের এই ব্যাটার। তাও আবার সাকিবের চেয়ে অন্তত ১৭ ম্যাচ কম খেলে।
অধিনায়ক হিসেবেও লিটন বেশ এগিয়ে। এখন পর্যন্ত ২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি এনেছেন ১১ জয়। যেখানে মাশরাফী বিন মোর্ত্তজা ও নাজমুল শান্তর জয় ১০টিতে থেমে আছে। লিটনের সামনে আছে আরও একধাপ এগোনোর সুযোগ। কারণ মাহমুদউল্লাহ ও সাকিবের সমান ১৬টি জয়ই এখন তার নতুন লক্ষ্য।