প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৫ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৬:১৯ PM

অবশেষে নেপাল থেকে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে কিছুদিন আটকে থাকার পর আজ বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পৌঁছান জামাল ভূঁইয়া, তপু বর্মণসহ দলের অন্যান্য সদস্যরা।
একই ফ্লাইটে ফিরেছেন নেপালে অনুষ্ঠিত বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ কাভার করতে যাওয়া সংবাদমাধ্যমকর্মীরাও।
এর আগে, দুপুর ২টা ৫৫ মিনিটে নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় বিমানটি। গত ৩ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচের আগেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে জেন-জি প্রজন্মের আন্দোলনের কারণে দেশজুড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলন সহিংসতায় রূপ নিলে নিহত হন অন্তত ৩০ জন, এবং দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। এর প্রেক্ষিতে বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার থেকে হোটেলেই অবরুদ্ধ অবস্থায় ছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা। মঙ্গলবার দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দর বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। অবশেষে গতকাল সন্ধ্যায় বিমানবন্দর খুললে আজ বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে