
যোগদানের নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়া হবে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ২৪ ঘণ্টা সময় বেঁধে দিলেও- তা না মেনে চার দফা দাবিতে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ৫১৮ জন কর্মচারী অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে রয়েছেন। এতে জেলার ১৪ টি ইউনিটে জরুরি সেবা, লাইন মেরামত, মিটার সংযোগ, বিলিংসহ সংশ্লিষ্ট কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন (পটুয়াখালী ও বরগুনা) বিভিন্ন উপজেলা ও সাব-স্টেশনে কর্মরত ৮০৫ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৫১৮ জন গণছুটিতে গেছেন।
এরমধ্যে সদর দপ্তর (পটুয়াখালী) ৮৯, গলাচিপা ৩৬, কলাপাড়া ৩৯, কুয়াকাটা ২৯, বাউফল ৪৮, কালিশুরী ০৫, রাঙ্গাবালী ১৭, দশমিনা ৩০, দুমকি ২২, মির্জাগঞ্জ ৪৪, বরগুনা ৪৮, আমতলী ৫১, তালতলী ২২, বেতাগী ৩৮ জন গণছুটিতে রয়েছেন। এছাড়াও, ব্যক্তিগত বা জরুরি প্রয়োজনে অফিশিয়াল ছুটিতে রয়েছে ১৫ জন। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (অ. দা.) মোহাম্মদ আবুল কাশেম স্বদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমার আওতাধীন (পটুয়াখালী ও বরগুনা) বিভিন্ন উপজেলা ও সাব-স্টেশনে সর্বমোট ১৪ টি ইউনিটে কর্মরত ৮০৫ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৫১৮ জন গণছুটিতে গেছেন। আমাদের কর্মকর্তা ২৫ জনের ২৫ জনই উপস্থিত আছে, কিন্তু কর্মচারী আছে মাত্র ২৪৭ জন। যেজন্য আমাদের গ্রাহক সেবায় কিছুটা ভোগান্তি হচ্ছে। যারা কর্মস্থলে ফেরেনি তাদের লিস্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।”
এদিকে, গত রবিবার কর্মস্থলে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। নির্দেশনায় আরো বলা হয়, যোগদানের নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য তখন ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।