প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ বহিরাগতদের ক্যাম্পাসে এনে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের প্রতি। মঙ্গলবার রাতে টিএসসিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
এস এম ফরহাদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের জড়ো করেছে ছাত্রদল। সেখানে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আর সেই দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা চলছে।”
তিনি আরও অভিযোগ করে বলেন, “২০২৪-এর আগস্টে ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছিল। কিন্তু তারা টিকতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের এ ধরনের ঘটনা ঘটলে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে।”
জিএস প্রার্থী ফরহাদ অমর একুশে হলে ভোট কারচুপির অভিযোগও তুলেছেন। তার দাবি, “এর প্রমাণ আসার পর রোকেয়া হলে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে।”
তিনি বলেন, “ডাকসু নির্বাচনে যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো পক্ষের ওপর দায় চাপিয়ে দায় এড়ানো যাবে না।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ