প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৪ পিএম

ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ২০নং ওয়ার্ড বনানী থানা ছাত্রদলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহ্ফুজ-উর- রহমান লিপকন বলেছেন, ডাকসুর গৌরবময় ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে ছাত্রদলের প্যানেলকে ভোট দিন। আপনাদের মূল্যবান ভোট এ দেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ২০নং ওয়ার্ড বনানী থানা ছাত্রদলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহ্উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বনানী থানা ছাত্রদল সভাপতি নাঈম উদ্দিন মিজবাহ্ ও সঞ্চালনা করেন বনানী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম জিহানও সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ।
১৯২১ সালে যাত্রা শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ১০৪ বছরের প্রাচীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার তিন বছর পর, ১৯২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। দীর্ঘ এই শতবর্ষে ডাকসুর নির্বাচন হয়েছে মাত্র ৩৭ বার। আর স্বাধীন বাংলাদেশে গত ৫৪ বছরে অনুষ্ঠিত হয়েছে মাত্র সাতবার। শুরুর দিকে ডাকসু ও হল সংসদের মূল কার্যক্রম ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্যচর্চা, বিতর্ক প্রতিযোগিতা, রচনা, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক সেবা। ১৯৫০-এর দশক পর্যন্তও এ ধারা বজায় ছিল।
তবে ষাটের দশকে শিক্ষা আন্দোলন, আইয়ুব বিরোধী সংগ্রাম ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র সংসদ ও সংগঠনগুলো ক্রমশ জাতীয় রাজনীতির অংশ হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) ঐতিহাসিক গুরুত্বের কারণে ‘দ্বিতীয় সংসদ’ বলা হয়। ভাষা আন্দোলন, ছয় দফা দাবি, উনসত্তরের গণঅভ্যুত্থান কিংবা নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন প্রতিটি জাতীয় সংগ্রামে ডাকসু নেতৃত্ব ও দিক নির্দেশনা দিয়েছে দেশের রাজনীতিকে।
আওয়ামী লীগের উদ্দেশ্যে লিপকন বলেন, “শোনা যাচ্ছে ছাত্রলীগ দু-একটা করে মিছিল বের করছে। এগুলো বন্ধ করতে হবে। আমরা এখনো জুলুমকারীদের, খুনিদের ওপর হাত তুলি নাই, পুলিশের কাছে ছেড়ে দিয়েছি। আপনারা (আওয়ামী লীগ) গণহত্যা চালিয়েছেন, দেশের সম্পদ লুটপাট করেছেন, দেশের মানুষের ওপর জুলুম করেছেন। এখনো ক্ষমা চাননি। দেশে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। এগুলো বাদ দিন। এগুলো করলে দেশের জনগণ ঘর থেকে তুলে নিয়ে জনগণের আদালতে দাঁড় করাবে, বিচার করবে।”
কর্মী সভায় এদিন উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড বনানী থানা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ