
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের মালিক জনগণ, জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস।” সোমবার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান অভিযোগ করেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। গণতন্ত্র ধ্বংস করে গুম-খুনের রাজনীতি চালিয়েছে, বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দিয়েছে। তার দাবি, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি জাতীয় নির্বাচনে প্রায় তিন কোটি নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, ফলে ভোট ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকতে শিশু, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান—সব ক্ষেত্র ধ্বংসপ্রাপ্ত। তারেক রহমানের অভিযোগ, মেগা প্রকল্পের নামে দেশে হয়েছে “মেগা দুর্নীতি।”
গণতন্ত্রের সৌন্দর্য নিয়ে তিনি বলেন, “আমরা ভিন্ন রাজনৈতিক দলে থাকি বলেই মতের ভিন্নতা থাকবেই। আজকের সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে—এটাই গণতন্ত্র।” তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলো যদি জনগণকে বাদ দিয়ে আলোচনা টেবিলে নিজেরা সিদ্ধান্ত নেয়, তবে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে এবং স্বৈরাচারের পুনরুত্থান ঘটবে।
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত রিফর্ম কমিটির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, সেখানে প্রায় সব গণতান্ত্রিক দলই অংশ নিয়েছে। কিছু বিষয়ে ঐকমত্য হলেও কিছু বিষয়ে মতভিন্নতা রয়েছে। তিনি আহ্বান জানান, এসব ভিন্নতা জনগণের ওপর ছেড়ে দেওয়ার জন্য।
বাংলাদেশের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে অর্থনীতি পুনর্গঠনসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে সংস্কার চালিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনকে কঠিন আখ্যা দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার শপথ নিতেও আহ্বান জানান তিনি।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। দীর্ঘ সাত বছর আট মাস পর আয়োজিত এই সম্মেলনে জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভার মোট ৮০৮ জন কাউন্সিলর ভোট দেন নতুন জেলা নেতৃত্ব বাছাইয়ে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ