প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৯ পিএম

প্রায় পাঁচ বছর পর দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানা। পরিবারের সঙ্গে বর্তমানে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি।
সত্তর ও আশির দশকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী শাবানা জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এরপর দীর্ঘ ২৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন। দেশপ্রেম ও শিকড়ের টানে মাঝে মাঝে বাংলাদেশে এলেও এবার দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরলেন এই অভিনয়শিল্পী।
শাবানা সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশে এসেছিলেন। সেবার তিনি জানিয়েছিলেন, সুযোগ ও অনুকূল পরিবেশ পেলে আবারও অভিনয়ে ফিরতে চান। তার স্বামী, সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন, চলচ্চিত্র প্রযোজনায়ও আগ্রহ রয়েছে তাদের।
১৯৭৩ সালে বিয়ে করেন শাবানা ও ওয়াহিদ সাদিক। ১৯৭৯ সালে তারা যৌথভাবে গড়ে তোলেন নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রোডাকশন। এই ব্যানার থেকে নির্মিত হয়েছে ‘ছুটির ঘণ্টা’, ‘আমি সেই মেয়ে’, ‘স্বামী কেন আসামি’-সহ অসংখ্য ব্যবসাসফল ও সমকালীন প্রভাবশালী চলচ্চিত্র।
তবে এবার শাবানা একেবারেই নীরবে দেশে ফিরেছেন। সংবাদমাধ্যম কিংবা জনসম্মুখে এখনও দেখা যায়নি তাকে। আপাতত ব্যক্তিগত সময় কাটাচ্ছেন ঢাকায়। প্রায় তিন দশকের ক্যারিয়ারে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করা এই কিংবদন্তি তারকা এখন সময় দিচ্ছেন পরিবারকেই।
স্বদেশ প্রতিদিন/এমএম