প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৭ AM

কুমিল্লায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মা। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা শহরের নিজ বাসায় শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। নিহত অপরজন তার মা তাহমিন বেগম।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে ৯৯৯-এ কল করে হত্যাকাণ্ডের খবর দেন এক ব্যক্তি। এরপরই কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘আমরা রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশ বর্তমানে মর্গে রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার কারণ হিসেবে পারিবারিক কোন্দলের কথা প্রাথমিকভাবে জানা গেলেও, বিস্তারিত তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বিষয়টি নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনও নজর দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ‘আমরা ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’ এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম