প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২২ AM

প্রবীণ রাজনীতিক, বামপন্থি তাত্ত্বিক ও গবেষক বদরুদ্দীন উমর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সকাল ১০টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
বদরুদ্দীন উমর ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।
তিনি শুধু বামপন্থি রাজনীতিবিদই নন, ছিলেন একজন প্রজ্ঞাবান লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। দেশের রাজনৈতিক পরিবর্তন ও নানা সংকটে তিনি বিশ্লেষকের ভূমিকায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক উচ্চবিত্ত পরিবারে তার জন্ম। তার বাবা আবুল হাশিম অবিভক্ত বাংলার খ্যাতনামা রাজনীতিবিদ ও মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর