প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৮ পিএম

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ড্রয়ের মাধ্যমে চার বছর পর নেপালের বিপক্ষে আবারও সমতায় শেষ হলো জামাল ভূঁইয়ারা।
নেপালের বিপক্ষে টানা ছয় ম্যাচ জয়হীন থাকল বাংলাদেশ। এই ছয় ম্যাচের মধ্যে চারটি ম্যাচই ড্র হয়েছে।
এদিন হামজা চৌধুরী ও শমিত হোসেনকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ দল। গোলপোস্টে ছিলেন না নিয়মিত গোলরক্ষক মিতুল মার্মাও। তাঁর অনুপস্থিতিতে জাতীয় দলে অভিষেক হয় তরুণ গোলরক্ষক সুজন হোসেনের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চলে দুই দলের মধ্যে। প্রথমার্ধে বড় কোনো পরীক্ষায় পড়তে হয়নি দুই দলের গোলরক্ষকদের। নেপাল কিছু আক্রমণ করলেও পরিষ্কার কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি।
বাংলাদেশ ৩৬তম মিনিটে এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেয়েছিল, তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা মেলেনি।
দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতোই ছন্দে খেলে দুই দল। কিন্তু কোনো পক্ষই কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
আগামী ৯ সেপ্টেম্বর, একই ভেন্যুতে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।
স্বদেশ প্রতিদিন/এমএম