প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম আপডেট: ০৬.০৯.২০২৫ ৬:৩২ PM

সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, “রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র লোকজন পুড়িয়ে দিয়েছে। নুরুল হক এখন মৃত; তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না। এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে। আমরা এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।”
এছাড়াও জামায়াতে ইসলামী আরো জানিয়েছে, নুরুল হক এখন মৃত; তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন।
এদিকে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার এই ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। পুড়িয়ে ফেলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বেশ সরব হয়ে উঠেন নেটিজেনরা।