প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম

সংগৃহীত ছবি
পৃথিবীতে মুসলিমরা একে অপরকে সালামের মাধ্যমে অভিবাদন জানান। সাক্ষাতের শুরুতেই সালামের মাধ্যমে তারা একে অপরকে সম্মান প্রদর্শন করেন। জান্নাতে প্রবেশের পরও জান্নাতবাসীরা একে অপরকে একইভাবে সালামের মাধ্যমে অভিবাদন জানাবেন।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের এমন জান্নাতে প্রবেশ করানো হবে, যার নিচে নির্ঝরিণী প্রবাহিত হবে। তাদের প্রতিপালকের নির্দেশে তারা সেখানে অনন্তকাল থাকবে। সেখানে তাদের অভিবাদন হবে সালাম। (সুরা ইবরাহিম, আয়াত: ২৩)
এই আয়াত থেকে জানা যায়, কিয়ামতের দিন পাপাচারীদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর তাদের সামনেই জান্নাতবাসীরা অত্যন্ত সম্মানের সঙ্গে জান্নাতি উদ্যানে প্রবেশ করবেন। এই জান্নাত বাগানসদৃশ হবে, যা দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়।
আল্লাহ তায়ালা আরও বলেছেন, সেখানে তাদের কথা হবে, ‘হে আল্লাহ, তুমি পবিত্র মহান’ এবং তাদের অভিবাদন হবে, ‘সালাম’। আর তাদের শেষ কথা হবে, ‘সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টির রব’। (সুরা ইউনুস, আয়াত: ১০)
যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাত করবে, সেদিনও তাদের অভিবাদন হবে সালাম। আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান। (সুরা আহযাব, আয়াত: ৪৪)