প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৬ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নির্মাণ শ্রমিককে মারধর করে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দুইজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট থেকে নির্মাণাধীন ছাত্রী হলের এক শ্রমিককে ধরে কলা ভবনের সামনে অন্ধকারে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে তার কাছে থাকা প্রায় ১০ হাজার টাকা মূল্যের স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে তারা কলা অনুষদের দক্ষিণ দিকের পকেট গেট দিয়ে বাইরে নিয়ে গিয়ে আবারও শারীরিকভাবে নির্যাতন করে ফেলে রেখে পালিয়ে যায়।
ভুক্তভোগী শ্রমিক আমজাদ বলেন, আমি আজ রংপুর থেকে কাজের জন্য এখানে এসেছি। বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইটে পৌঁছালে দুইজন লোক আমাকে কলা ভবনের দিকে যেতে বলে। আমি না করলে তারা জোর করে টেনে অন্ধকারে নিয়ে যায় এবং মারধর করে ফোন ছিনিয়ে নেয়। এরপর দক্ষিণ পকেট গেট দিয়ে বাইরে নিয়ে গিয়ে আমাকে লাথি মেরে ফেলে রেখে চলে যায়। আমি তাদের চিনতে পারিনি, তবে দেখে বহিরাগত মনে হয়েছে।
প্রক্টরের রুটিন দায়িত্বে থাকা সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। অন্ধকার থাকার কারণে বিষয়টি কারো নজরে আসেনি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।