
এই জলাবদ্ধতার ফলে চলাচলের ব্যাপক সমস্যাসহ সৃষ্টি হচ্ছে বহুমুখী জনদুর্ভোগ
মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের আব্দুল কাদের ভূঁইয়া বাড়ির পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতার ফলে চলাচলের ব্যাপক সমস্যাসহ সৃষ্টি হচ্ছে বহুমুখী জনদুর্ভোগ।
অভিযোগ উঠেছে, উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আব্দুল কাদের ভূঁইয়া বাড়ির ১২ পরিবারের চলাচলের পথ ও পানি নিষ্কাশন বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে ঐ বাড়ির আলী আকবর গং।
আব্দুল কাদের ভূঁইয়া বাড়ির খাইরুল হোসেন বলেন, “আমাদের বাড়িতে হালকা বৃষ্টি হলে পানি জমে যায়, আলী আকবর, নুর ছাপা, নুরুল হুদা প্রভাব খাটিয়ে চলাচলের রাস্তা ও পানি যাওয়ার পথ বন্ধ করে দেয়, আমরা জিজ্ঞাসা করলে আমাদের গায়ে হাত তোলে, আমার ভাই ইকবালকে মেরে ফেলতে চাইছে সে মামলা এখনো চলমান, তারা কারো কথা শুনে না এমনকি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কথাও না।”
তিনি আরো বলেন, “সমাজ থেকে বার বার তাদের ডাকা হলেও তারা আসেনা, সমাজ থেকে তাদের নোটিশ করা হয়েছে সেই নোটিশের জবাব না দেওয়ায় সমাজ আমাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত দেন। আমরা সকলে মীরসরাই উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করি।”
স্থানীয় নুরজাহান বেগম বলেন, “হালকা কালবৈশাখি হলে এই অবস্থায় যদি এতদিন পানি জমে থাকে কিংবা পানি নিষ্কাশন না হয় তাহলে বর্ষার ভরা মৌসুমে আমরা এখানে বসবাস করতে পারবো না। অন্যদিকে এখানের পানিগুলো দূষিত হয়ে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। এই পানিগুলো বর্তমানে নষ্ট হয়ে বিশ্রী দুর্গন্ধ অনুভব হচ্ছে। খুব দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
পশ্চিম খৈয়াছড়া আদর্শ সমাজের সর্দার মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, “আলী আকবর, নুরুল হুদা, নুর ছাপা তারা পানি যাওয়ার পথ বন্ধ করে রেখেছে তারা কারো কথা শুনে না, বিগত কয়েক বছর সালিশ বৈঠক হয়েছে তারা কারো কথা মানে না।”
এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য নেয়ার চেষ্টা করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, “এই বিষয়ে অভিযোগ পেলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিবো, পানি ও রাস্তা আটকে রেখে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেনা।”