প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৩ AM

সংগৃহীত ছবি
উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়েছে।
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) তাসখন্দে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি স্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামিক চিন্তাবিদরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন। বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, অনুপম আদর্শ, সীমাহীন ত্যাগ, দয়া, মমতা ও ভালোবাসার বাণী নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, নবীজির (সা.) শিক্ষা ও জীবনাদর্শই বিশ্ব মানবতার শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও কল্যাণের পথপ্রদর্শক। সহনশীলতা, ভ্রাতৃত্ব, মানবিকতা ও ন্যায়ের ভিত্তিতে একটি শান্তিময় সমাজ গঠনে তাঁর কর্মপন্থা যুগে যুগে আলোকবর্তিকা হয়ে থাকবে।
আলোচনা শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মানবজাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।