প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩০ পিএম

অভিযুক্ত ব্যক্তিরা
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা হলেন জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন-এর উপজেলা প্রতিনিধি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মর্তুজা হোসাইন (৩২) এবং ওই শাখার প্রচার সম্পাদক সুমী বেগম (৩৩)। এ ঘটনায় অভিযুক্তরা হলেন পৌর ৩ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী বেল্লাল (৪২) এবং পূর্ব রাজপাড়া গ্রামের ইমন (৩৫)।
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বেল্লাল ও ইমন অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীদের খাবার হোটেলে প্রবেশ করে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অনৈতিক কার্যক্রমের অপবাদ দিয়ে মব তৈরির চেষ্টা চালায় এবং হোটেল মালিকসহ কর্মচারীদের মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে ধারণ করা ভিডিওতে হামলার দৃশ্য দেখা গেছে বলে জানা গেছে।
অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বে চাঁদাবাজি, মারামারি ও চুরির একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।
ভুক্তভোগী সুমী বেগম বলেন, চাঁদার দাবিতে হামলার শিকার হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তালবাহানা করা হচ্ছে।
মর্তুজা হোসাইন বলেন, সংবাদকর্মী ও মানবাধিকার কর্মী হয়েও আমরা সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাচ্ছি না। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর/সায়েম