প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৯ পিএম

সংগৃহীত ছবি
গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা। বিক্ষুব্ধরা নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে আসে এবং সেখানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ প্রকাশ করে। এ সময় একটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এর এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়, নেসেট ভবনের সামনেও প্রতিবাদকারী ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য রেললাইন অবরোধের চেষ্টা করা হলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে দীর্ঘায়িত করে ঝুঁকিতে ফেলা হচ্ছে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের জীবন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজায় বর্তমানে হামাসের কাছে ৪৮ ইসরায়েলি বন্দি রয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ জন বেঁচে থাকার আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা সিটি দখল অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে দেশটিতে। বর্তমানে গাজায় হামাসের কাছে ৪৮ ইসরায়েলির জিম্মিদশায় থাকার খবর আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে ২০ জন বেঁচে আছে বলে ধারণা করা হয়।