প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৫ পিএম

সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে যা যা প্রয়োজন সরকার তার সব পদক্ষেপ গ্রহণ করছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। যারা সরকারকে নির্বাচন করতে দিতে চায় না, তারা ষড়যন্ত্র করবে। তার কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও দেখা যাবে। আমাদের সতর্ক থাকতে হবে।
প্রেস সচিব আরো জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে যা যা করার সরকার তার সব পদক্ষেপ নিচ্ছে। অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রফেসর ইউনূস।
বৈঠকে অংশ নেয়া দল ও সংগঠনগুলো হল এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ-অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এর আগে, রবিবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি দলগুলোকেও আশ্বস্ত করে বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।