প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম

সংগৃহীত ছবি
কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সাংবাদিক নির্যাতনের মামলায় এ আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২০ সালের ১৩ মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধানের জেরে এ অভিযান চালানো হয় । তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকিসহ ডিসি অফিসে এনে নির্মম নির্যাতন করেন জেলা প্রশাসনের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।
এরপর আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। পরে, কারামুক্ত হয়ে এ ঘটনায় সাংবাদিক আরিফুল হক রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। ৫ বছর ধরে এই মামলা চলছে।
এদিকে, সাবেক জেলা প্রশাসক সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিন পাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসেন, পরে তার জামিন নাকচ করে কারাগারে পাঠানো হয়।
স্বদেশ প্রতিদিন/শাহো