প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৪ AM আপডেট: ০২.০৯.২০২৫ ১১:৩৫ এএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মিচেল স্টার্ক। আসন্ন ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার।
৩৫ বছর বয়সী স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সর্বশেষ স্টার্ক খেলেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
২০১২ সালে অভিষেক হওয়া স্টার্কের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট আছে ৭৯টি, অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২২ সালে ২০ রানে ৪ উইকেট তাঁর টি–টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ, আর সেবার শুধু শিরোপা জিতেছি বলে উপভোগ করেছি তা নয়; বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও উপভোগ্য ছিল।’
অবসর নিয়ে স্টার্ক আরও বলেছেন, ‘২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রেখে সেরা ছন্দে রাখতে আমি মনে করি এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম