প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১১:৫৬ পিএম

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সব আবাসিক শিক্ষার্থীকে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে উত্তেজনাকর পরিস্থিতির পর সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে।
এর আগে সকালে কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। কিন্তু শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সিদ্ধান্ত না আসায় পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।
দুপুর দেড়টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিলনায়তনে উপস্থিত উপাচার্যসহ ২২৭ জন শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।
শিক্ষার্থীরা দাবি করেন, “এক পেশায় এক ডিগ্রি চাই, কম্বাইন্ড ডিগ্রি নয়।” বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।
স্বদেশ প্রতিদিন/এনআর