প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১২:০১ পিএম

সংগৃহীত ছবি
এখন পর্যন্ত গাজা যুদ্ধে ইসরায়েলি নিহত সেনার সংখ্যা ৯০০ বলে জানিয়েছে আইডিএফ।
গতকাল শনিবার (৩০ আগস্ট) গাজার দক্ষিণাঞ্চলে লড়াই চলাকালে ইসরায়েলের এক রিজার্ভ সেনা সদস্য নিহত হয়েছেন।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত ওই সৈনিকের নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) এরিয়েল লুবলিনার (৩৪)। তিনি চলমান যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া ৯০০তম ইসরায়েলি সেনা।
তার মৃত্যুর পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। আইডিএফের প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, দুর্ঘটনাবশত অন্য একজন সৈনিকের ছোড়া গুলিতে তিনি প্রাণ হারান।
গাজার খান ইউনিসে নিহত হন লুবলিনার। তিনি উত্তর ইসরায়েলের কিরিয়াত বিয়ালিকের বাসিন্দা ছিলেন। লুবলিনার প্রায় ১০ বছর আগে ব্রাজিল থেকে ইসরায়েলে আসেন। তার স্ত্রী বারবারা স্পেন থেকে আসা একজন অভিবাসী। লিওর নামে তাদের নয় মাস বয়সী একটি ছেলে আছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লুবলিনারের রিজার্ভ ডিউটির পর্ব শেষ করার কথা ছিল এবং পরিবারটি ছুটি কাটাতে ব্রাজিল যাওয়ার পরিকল্পনা করছিল। জুন মাস থেকে তিনি এই পর্বে ডিউটিতে ছিলেন।
এর আগে শুক্রবার রাতে উত্তর গাজার জায়তুন এলাকায় সাঁজোয়া যানে বোমা
বিস্ফোরণে সাতজন ইসরায়েলি সেনা আহত হন। সেনাদের বহনকারী ওই যানটি একটি
রাস্তার পাশে পুতে রাখা বিস্ফোরক যন্ত্রের ওপর দিয়ে যাওয়ার সময় ভয়াবহ
বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা কিছুটা গুরুতর, বাকিদের আঘাত
আশঙ্কাজনক নয়। তাদের মধ্যে পাঁচ সেনাকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে
দেওয়া হয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা যায়, এ নিয়ে প্রায় দুই বছরে ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে অন্তত ৬৩ হাজার ২৫ জন নিহত হয়েছেন। এর একটি বড় অংশ শিশু ও নারী। একই সময়ে আহত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন আরো কয়েক হাজার।
সূত্রঃ টাইমস অব ইসরায়েল