প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে। রোববার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গোয়েন্দা নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে পরিচালিত অভিযানে ড্রোনটি জব্দ করা হয়।
আইআরজিসির দাবি, জব্দ করা ড্রোনটি ‘রেমুস ৬০০’ মডেলের একটি অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল (ইউইউভি)। হরমুজ প্রণালিতে নজরদারির কাজে এটি ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছে ইরান। ড্রোনটিতে থাকা তথ্য উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে, চলতি সেপ্টেম্বরের শুরুতেও হরমুজ প্রণালি থেকে একটি সাবমেরিন ড্রোন জব্দ করা হয়েছিল।
পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। প্রণালিটি প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এবং বিশ্বের মোট জ্বালানি পণ্যের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি