প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:৫৬ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ১০:০৯ PM

লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে ভোট ফেরত চাওয়ার দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর জেলা আমির এস. ইউ. এম. রুহুল আমিন ভূঁইয়া।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে দালাল বাজার ফাতেমা গার্লস স্কুল মাঠে আয়োজিত সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে রুহুল আমিন বলেন,
“সংগঠনের পক্ষ থেকে আমাকে লক্ষ্মীপুর-২ আসনে প্রার্থী হতে বলা হয়েছে। আমি আপনাদের কাছে একটি আবদার করছি—২০০১ সালে আমরা খালেদা জিয়াকে ভোট দিয়েছি, ২০০৮ সালে খায়ের ভূঁইয়াকে ভোট দিয়েছি। এই দুই ভোটের একটি ভোট আমাদের ফেরত দিন, আরেকটি আপনারা রেখে দিন।”
তার এই মন্তব্যে মঞ্চে উপস্থিত অনেক অতিথি হাসতে হাসতে করতালি দেন। বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া হাস্যরসের সঙ্গেই প্রতিক্রিয়া জানান।
একই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে বলেন, “এটি বাংলাদেশের বিরুদ্ধে ও আগামী নির্বাচনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। হামলার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতেই হবে।”
তিনি আরও বলেন, “দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ একা বসে নেই, পার্শ্ববর্তী দেশও বসে নেই। হাজার হাজার কোটি টাকা পাচার করে এ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।”
সম্মেলনে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জামায়াত আমির এস. ইউ. এম. রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, আবুল হাশেম, হারুনুর রশিদ বেপারী এবং সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এনআর