প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:৫৬ পিএম

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন গত এক বছরে তিতাস উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমে বিশেষ ভূমিকা পালন করেছেন।
২০২৪ সালের ৩১ জুলাই তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান তিনি ।
তার প্রধান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে জলাবদ্ধতা নিরসন, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরকারি সেবা সহজলভ্য করা। তিনি মাদকবিরোধী অভিযান, বাল্যবিয়ে প্রতিরোধ এবং বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমের মনিটরিং করতে নিয়মিত তদারকি করেছেন। এছাড়া, উপজেলার ৯টি ইউনিয়নের গ্রামাঞ্চলে ঘুরে জনগণের সমস্যা শুনে তা সমাধানে চেষ্টা করেছেন।
তার উল্লখেযোগ্য কয়েকটি কাজের মধ্যে অন্যতম, মাছিমপুর হাইস্কুলের খেলার মাঠে মেলা বন্ধ করে সরকারি খাসজমি উদ্ধার করেছেন এবং পরীক্ষার হলে সিসি ক্যামেরা স্থাপন করেছেন। এসব পদক্ষেপের ফলে পরীক্ষার পরিবেশ অনেক ভালো হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল জানিয়েছেন, "ইউএনও সুমাইয়া মমিনের দায়িত্ব গ্রহণের পর থেকে তিতাসবাসী প্রকৃত প্রশাসনিক সেবা পাচ্ছে। তার সততা ও দক্ষতার কারণে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।"
সুমাইয়া মমিন তার বক্তব্যে বলেন, “আমি প্রতিটি দপ্তরের দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করেছি। জনগণের কল্যাণে কাজ করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা দেখানোর জন্য প্রস্তুত। যতদিন এখানে আছি, ততদিন জনগণের সেবা করতে থাকব।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে/শাহো