প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১:৫৮ পিএম

মানিকগঞ্জে রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জ পৌরসভার এলজিইডি আবাসিক এলাকায় চলাচলের রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।
আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক এলাকাবাসী, স্কুল-কলেজ শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা জনদুর্ভোগ নিরসনের জোর দাবি জানান।
বক্তারা বলেন, স্থানীয় বাসিন্দা আলী আশরাফের বাবা জীবদ্দশায় সাধারণ মানুষের সুবিধার্থে ১৩ ফুট রাস্তা রেখে দলিল সম্পাদন করেছিলেন। পরবর্তীতে পৌরসভার মাধ্যমে ওই রাস্তা মাটি ভরাটও করা হয়। কিন্তু সম্প্রতি আলী আশরাফ সেখানে একটি পাকা গেট নির্মাণ করে পথ বন্ধ করে দেন। ফলে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে পৌরসভা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হলেও এখনো কোনো সমাধান পাওয়া যায়নি। তাই দ্রুত রাস্তা উন্মুক্ত করার আহ্বান জানান তারা।
অন্যদিকে অভিযুক্ত আলী আশরাফ দাবি করেন, তার বাবা পারিবারিক চলাচলের সুবিধার্থে দলিলে রাস্তার উল্লেখ করেছিলেন। এটি পৌরসভার রাস্তা নয়, বরং তাদের পারিবারিক সম্পত্তির অংশ।
তিনি আরো অভিযোগ করেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে পূর্ববর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার জায়গা দখল করার চেষ্টা করেছিলেন। বর্তমানে জায়গাটি রক্ষার স্বার্থেই তিনি রাস্তা বন্ধ করেছেন।