প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১২:৩৫ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ১২:৩৯ PM

সংগৃহীত ছবি
জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য নিয়ে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
নেদারল্যান্ডস সিরিজকে বাংলাদেশ আগামী এশিয়া কাপের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করছে। শক্তি ও ক্রিকেট সংস্কৃতির দিক থেকে দুই দলের মধ্যে স্পষ্ট পার্থক্যের কারণে সিরিজে ফেভারিট স্বাভাবিকভাবেই বাংলাদেশ।
টি-টোয়েন্টি ফরম্যাটে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ কখনো পরাজিত হয়নি। ২০১২ সাল থেকে এই ফরম্যাটে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে টাইগাররা। ২০১২ সালের নেদারল্যান্ডস সফরে দুই ম্যাচের সিরিজের একটিতে হেরেছিল বাংলাদেশ, শেষ সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।
সিরিজের প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সাইফ হাসান বা নুরুল হাসান সোহানের একাদশে থাকা বিষয়টি বিভিন্ন সমীকরণের ওপর নির্ভর করছে। পারভেজ হোসেন ইমন খেললে সাইফ হাসানের একাদশে থাকা সম্ভাবনা কমে যায়, আবার শামীম পাটোয়ারি খেললে নুরুল হাসান সোহান বাইরে থাকতে পারেন।
প্রথম ম্যাচ হওয়ায় বাংলাদেশ সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামার চেষ্টা করবে। ব্যাটিং লাইনে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম। পেস বোলিং আক্রমণে মুস্তাফিজ ও তাসকিনের থাকা প্রায় নিশ্চিত। তৃতীয় পেস বোলার হিসেবে তানজিম সাকিব বা সাইফউদ্দিনের মধ্যে এক জন একাদশে থাকতে পারেন। স্পিনে রিশাদের সঙ্গে মাঠে নামতে পারেন শেখ মেহেদী বা নাসুম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।