প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৩:৫৯ AM

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটর মোড়ে এনসিপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এর আগে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আসে। এই সময় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।
রাত ৮টার কিছুক্ষণ পরে হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের মশাল মিছিল বের হয়। মিছিল থেকে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুঁড়ে ও পুলিশ ব্যারিকেড ভেঙে জাপা অফিসে ঢুকে পড়ে। অপরদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধের চেষ্টা চালায়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ৭ নেতাকর্মী ও পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন:
নুরুল হক নুর, রাশেদ খান (৩২), হাসান তারেক (২৮), ফারজানা কিব্রিয়া (৩০), মইনুল ইসলাম (৩৫), মেহবুবা ইসলাম (৩০), আবু বক্কর (৩০), তারেক আজাদ (২৫) এবং পুলিশ ইন্সপেক্টর আনিছুর রহমান (৪২)।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রাশেদ খান অভিযোগ করেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা চালিয়েছে।”
পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কাকরাইল এলাকা থেকে মোট ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং জরুরি বিভাগে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ