প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৩:০১ AM

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকে গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতাদের ওপর এ ধরনের নৃশংস হামলা অভাবনীয় এবং গণঅভ্যুত্থানোত্তর সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অনিয়ন্ত্রিত আচরণ গ্রহণযোগ্য নয়।
ছাত্রদল আরও জানায়, নুরসহ আহত নেতাদের ওপর হামলার ঘটনায় অবিলম্বে তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ