প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১২:৩৯ AM

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
এদিকে সংঘর্ষের পর ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। শুক্রবার (২৯ আগস্ট) রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা জানানো হয়।
জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স তাদের পোস্টে লেখে— “মার্চ টু জাতীয় পার্টি অফিস।”
অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, জাতীয় পার্টির কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের পর তারা দাবি করেন, অবিলম্বে গণহত্যার দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় ছাত্র-শ্রমিক-জনতা রাস্তায় নেমে তাদের বিচার করবে।
ঘটনার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ হয়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ