প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৫:৫১ পিএম

বাঁ থেকে মারা যাওয়া শিশু রাহা মনি ও অভিযুক্ত দুই চিকিৎসক
নরসিংদীতে টনসিল অপারেশনের পর রাহা মনি (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড়ের লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত রাহা মনি রায়পুর উপজেলার হাঁটুভাঙা এলাকার নিজামুল হক ও তানিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান।
পরিবারের দাবি, চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণেই শিশুটি প্রাণ হারিয়েছে। রাহার বাবা নাজমুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অপারেশনের পর ডাক্তাররা বলেন ১৫ মিনিটের মধ্যে জ্ঞান ফিরবে। অনেকক্ষণ পরও জ্ঞান ফেরেনি। আমি জোর করে ওটিতে ঢুকে দেখি আমার মেয়ের পা ঠান্ডা। তখনই বুঝতে পারি মেয়ে আর নেই। আমাদের সঙ্গে ছলচাতুরি করে ঢাকায় নেওয়ার নাম করে মরদেহ ঘোরানো হয়েছে।”
পরিবার সূত্রে জানা যায়, অপারেশনের সময় এনেস্থেশিয়া দেন নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুদীপ্ত সাহা এবং সার্জারি করেন নাক-কান-গলার বিশেষজ্ঞ ডা. তন্ময় কর। অপারেশনের এক ঘণ্টা পরই শিশুটি মারা যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে দুই চিকিৎসককে মারধর করে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের হেফাজতে নিয়ে নরসিংদী মডেল থানায় নিয়ে যায়।
হাসপাতালের পরিচালক ফজলুল কাদের বলেন, অপারেশনের কিছুক্ষণ পর শিশুর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। ঢাকায় রেফার করার প্রস্তুতিকালে শিশুটি মারা যায়।
এনেস্থেসিওলজিস্ট ডা. সুদীপ্ত সাহা দাবি করেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছিল। তবে সাড়ে ৮টার দিকে শিশুর শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বাঁচানোর। কোনো গাফেলতি ছিল না।”
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, শিশুর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর