
সংগৃহীত ছবি
দীর্ঘদিনের ধূমপান আসক্তি থেকে মুক্তি পাওয়া কঠিন হলেও নতুন এক গবেষণা বলছে— ধূমপান ছাড়লে মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
যুক্তরাজ্যে পরিচালিত গবেষণায় দেখা গেছে, একটি সিগারেট মানুষের আয়ু গড়ে প্রায় ২০ মিনিট কমিয়ে দেয়। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকরা জানিয়েছেন, পুরুষদের ক্ষেত্রে প্রতিটি সিগারেট প্রায় ১৭ মিনিট এবং নারীদের ক্ষেত্রে প্রায় ২২ মিনিট করে আয়ু হ্রাস ঘটায়। গবেষণার ফল প্রকাশিত হয়েছে অ্যাডিকশন জার্নালে।
ইউসিএল অ্যালকোহল অ্যান্ড টোব্যাকো রিসার্চ গ্রুপের প্রধান গবেষক ডা. সারা জ্যাকসন জানান, কেউ যদি দিনে এক প্যাকেট (২০টি) সিগারেট খান, তবে তার গড়ে প্রায় ৭ ঘণ্টা আয়ু কমে যায়। এ সময়টা আসলে প্রিয়জনদের সঙ্গে সুস্থভাবে কাটানোর সম্ভাব্য সময়।
তিনি বলেন, “ধূমপানের কারণে শুধু জীবনের শেষ প্রান্তের আয়ুই কমে না, বরং জীবনের মাঝামাঝি সুস্থ সময়টাও দ্রুত ফুরিয়ে আসে।”
গবেষণার জন্য ব্যবহৃত হয়েছে দুটি বড় তথ্যভাণ্ডার— ব্রিটিশ ডক্টরস স্টাডি ও মিলিয়ন উইমেন স্টাডি। উভয় ক্ষেত্রেই দেখা গেছে, যারা সারা জীবন ধূমপান করেন তাদের আয়ু গড়ে ধূমপান না করা মানুষের তুলনায় প্রায় ১০ বছর কম। একই ধরনের ফলাফল দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
বিশেষজ্ঞরা বলছেন, ধূমপানের ক্ষতি ধীরে ধীরে জমা হয়। ধূমপান ছাড়ার পর কতটা আয়ু ফিরে পাওয়া সম্ভব, তা নির্ভর করে বয়স এবং কত বছর ধরে ধূমপান করছেন তার ওপর।
ডা. জ্যাকসন বলেন, কেউ যদি তরুণ বয়সে (২০–৩০ বছর বয়সে) ধূমপান ছাড়েন, তবে তাদের আয়ু প্রায় ধূমপান না করা মানুষের সমান হয়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছাড়লেও হারানো কিছুটা সময় আর ফিরে পাওয়া যায় না।
তিনি উদাহরণ দিয়ে জানান, কেউ যদি প্রতিদিন ১০টি সিগারেট খান এবং মাসের শুরুতেই ধূমপান বন্ধ করেন, তবে মাত্র এক সপ্তাহ পর তিনি এক দিনের আয়ু বাঁচাতে পারবেন। দীর্ঘ মেয়াদে এটি জমতে জমতে বছরে প্রায় ৫০ দিনের সমান আয়ু বাড়াতে পারে।
ধূমপান শুধু আয়ু কমায় না, বরং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরও মারাত্মক প্রভাব ফেলে। নেচার জার্নালে প্রকাশিত আরেকটি গবেষণায় বলা হয়েছে, ধূমপানের কারণে সংক্রমণ, ক্যানসার এবং অটোইমিউন রোগের ঝুঁকি বেড়ে যায়। যত বেশি ধূমপান, তত বেশি ক্ষতি হয় ইমিউন সিস্টেমে। তবে ধূমপান ছাড়লে ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা পুনরায় আগের অবস্থায় ফিরতে শুরু করে, যদিও পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগে।
গবেষক ডা. ড্যারাহ ডাফি বলেন, “ধূমপান শুরু করার জন্য কোনো সময়ই ভালো নয়। আর যারা ধূমপায়ী, তাদের জন্য ধূমপান ছাড়ার সেরা সময় হলো এখনই।”
সূত্র: সিএনএন