প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৩:০০ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ইব্রাহিম তালুকদার (২৫) নামের এক পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ইব্রাহিম তালুকদার বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় ইব্রাহিম তালুকদারকে একটি নীল রঙের ড্রাম হাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তারা কাটাখালী হাইওয়ে থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে ভেতরে গাঁজা দেখতে পায়। পরে ইব্রাহিম তালুকদারকে গাঁজাসহ আটক করা হয়।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় ৮ কেজি গাঁজাসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম