‘বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হতো না, লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইল হতো না’
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১০:৩৯ পিএম আপডেট: ২৮.০৮.২০২৫ ১০:৫০ PM

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘বঙ্গবন্ধু যেমন না হলে দেশ স্বাধীন হতো না, তেমনিভাবে লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইল হতো না, আমরা রাজনীতি করতে পারতাম না।’
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইলে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করা দরকার, নিরাপত্তা অবস্থা জোরদার করা দরকার।’
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘আমি দেশবাসী ও বিশ্ববাসীকে বলতে চাই, ২৪ -এর আন্দোলন দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমর্থন করি, কিন্তু চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে বর্তমানে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে।
তিনি বলেন, ‘ভেবেছিলাম ২৪-এর বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এই বিজয় এক বছরে ধ্বংস হয়ে যাবে এটা কখনও কল্পনায় আসেনি। আওয়ামী লীগের দোসরদের থেকে বর্তমান সরকারের দোসররা বড় স্বৈরাচার।
লতিফ সিদ্দিকীর প্রসঙ্গে তিনি বলেন, ‘সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসাবে যাওয়া হলে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়। আমরা চাই সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে কোনো মামলা থাকে তাহলে আমরা আইনিভাবে লড়বো।’
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীর সম্পর্কে ভাই।
স্বদেশ প্রতিদিন/এমএম