প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১০:১৫ পিএম

ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাহিদুল হক জাবেদ। এর আগে তিনি সহ-সভাপতি পদে নিযুক্ত ছিলেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে চেম্বার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এ সময় চেম্বারের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
চেম্বারের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১০ জুন। ওই নির্বাচনে মো. আবদুল্লাহ আল মামুন সভাপতি, হাজী মোশারফ হোসেন সিনিয়র সহ-সভাপতি এবং জাহিদুল হক জাবেদ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। এছাড়া সাধারণ পরিচালক পদে ১৪ জন এবং সহযোগী পদে ৪ জনসহ মোট ১৮ জন নির্বাচিত হন।
২০২৩ সালের ৫ আগস্টের একটি ঘটনার পর মামলা সংক্রান্ত কারণে নির্বাচিত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। এর ফলে চেম্বারের গুরুত্বপূর্ণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান জাহিদুল হক জাবেদ।
তিনি বলেন, ‘প্রায় এক বছর ধরে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির অনুপস্থিতির কারণে ব্যাংক লেনদেন বন্ধ রয়েছে। এতে সদস্যদের চাঁদা গ্রহণ, কর্মচারীদের বেতন প্রদান এবং বার্ষিক সাধারণ সভাসহ অন্যান্য ব্যয় নির্বাহে সমস্যা হচ্ছে।’
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত চেম্বার কার্যনির্বাহী পরিষদের সভায় গঠনতন্ত্রের স্মারকবিধি ১২(ঘ), ১২(ঙ) ও ১৬(ক) অনুযায়ী অনুপস্থিত দুই কর্মকর্তার পদ শূন্য ঘোষণা করে, পরিচালকদের সর্বসম্মত সিদ্ধান্তে সহ-সভাপতি জাহিদুল হক জাবেদকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
জাহিদুল হক জাবেদ জানান, এ সিদ্ধান্ত ইতোমধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’কে জানানো হয়েছে এবং ফেডারেশনের ওয়েবসাইটেও তার নাম নতুন সভাপতি হিসেবে প্রকাশিত হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া সভাপতি জাবেদ স্থানীয় ব্যবসায়ী, সদস্য ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ‘চলতি মেয়াদে ব্যবসায়ীদের উন্নয়ন ও চেম্বারের সার্বিক সমস্যা সমাধানে কাজ করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন।’
স্বদেশ প্রতিদিন/এমএম