প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫:০২ AM

বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে ফ্রান্স, স্পেন, বাহরাইন ও সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম পরিচালনার জন্য সরকারের সম্মতি পেয়েছে ইসি।
বুধবার (২৭ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর গণমাধ্যমকে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অনুমোদন মিলেছে। তিনি বলেন, “নতুন চারটি দেশে প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। এতে প্রবাসীরা দেশে না গিয়েই এনআইডি করতে পারবেন।”
এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় একই ধরনের কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছিল ইসি। বর্তমানে বিশ্বের ১০টি দেশে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম চালু রয়েছে। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ধাপে ধাপে আরও বেশি প্রবাসী অধ্যুষিত দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। এতে বিদেশে বসবাসরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশি আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাবেন বলেও নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
সূত্র : বিবিসি বাংলা
স্বদেশ প্রতিদিন/ আরএফ