প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:২৭ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লাল চন্দ্রপুর বরবাড়ীয়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে ফরহাদ সেখ (৫০) নামে এক ব্যক্তির বিদ্যুতায়িত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার লকপুর জাড়িয়া গ্রামের আমির আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে লালচন্দ্রপুর বড়বাড়ীয়া নসীম মল্লিক সড়কের মাথায় মোজাহার মল্লিকের পরিত্যক্ত ঘরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ পরিচয় নিশ্চিত করে। ফকিরহাট উপজেলার বাহিরদিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই ওহিদ জানান, লাশের পাশে একটি ব্যাগে বিদ্যুতের তার কাটার যন্ত্র এবং একটি মোটর পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটর এবং তার চুরি করার সময় বিদ্যুৎ স্পর্শে তিনি মারা গেছেন।
লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ