প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:৫০ পিএম

বাউফলে তিন তালায় তালাবদ্ধ মাদ্রাসা, শিক্ষা কার্যক্রম স্থবির
পটুয়াখালীর বাউফলে শিক্ষক ও পরিচালনা কমিটির দ্বন্দ্বের কারণে উপজেলার উদাসপাড়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। মাদ্রাসার বিভিন্ন ভবনে একযোগে তিনটি তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার (২৫ আগস্ট) ক্লাস শেষে সাধারণভাবে ছুটি দেওয়া হয়। কিন্তু আজ মঙ্গলবার সকালে মাদ্রাসায় গেলে দেখা যায় লাইব্রেরি ভবনসহ তিনটি তালা ঝুলছে।
অভিযোগ রয়েছে, প্রথমে ভারপ্রাপ্ত সুপার মাসুম বিল্লাহ তালা দেন। এরপর এডহক কমিটির সভাপতি খালিদ সাইফুল্লাহ একই স্থানে আরও একটি তালা ঝুলান। পরে সাবেক ভারপ্রাপ্ত সুপার নজির উদ্দিনও আরেকটি তালা লাগান।
সকাল থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা শুরু হয়। শিক্ষক দ্বন্দ্বের কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।
এ বিষয়ে একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী বলেন, আমি বিষয়টি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি জানার পর উভয়পক্ষকে ডেকেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।