প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:৩৩ AM

দিনাজপুরের হিলির খুচরা বাজারে তিন দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৪০ টাকা কমেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে দেশি ও ভারতীয় কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা তিন দিন আগেও ছিল ১৬০ টাকা।
ব্যবসায়ীরা জানান, ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বেড়েছে এবং স্থানীয়ভাবে সরবরাহও ভালো থাকায় বাজারে চাহিদার তুলনায় জোগান বেশি। ফলে দাম কমতে শুরু করেছে।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, ‘দেশের বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তবে, এর মধ্যেও কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। কাঁচা মরিচের কেজি ৫০ টাকা থাকলে ক্রেতাদের অনেক সুবিধা হবে। নিয়মিত বাজার মনিটরিং করলে সব নিত্যপণ্যের দাম কমে আসবে।’
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা ইসরাফিল হোসেন বলেন, ‘কাঁচা মরিচের দাম অনেকটাই কমেছে। গত এক সপ্তাহ আগে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমানে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশের বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ বেশি- সেই সাথে ভারত থেকে প্রচুর পরিমাণ কাঁচা মরিচ আমদানি হচ্ছে। এতে করে খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে।’
হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের প্রথম তিন দিনে হিলি স্থলবন্দর দিয়ে মোট ১৩ ট্রাকে ১৩২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এর ফলে বাজারে সরবরাহ বেড়েছে এবং খুচরা পর্যায়ে দাম কমতে শুরু করেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম