প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৪:১০ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজনকে আত্মসমর্পণের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আজ আদালতে হাজির করা হয়। অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
মামলায় আনা তিন অভিযোগের মধ্যে রয়েছে ১৯ জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা, যার গুলি বাসিত খান মুসা (৭)-এর মাথা ভেদ করে দাদি মায়া ইসলামের মৃত্যু ঘটে। একই দিনে রামপুরায় নাদিম নামের আরেক ব্যক্তিকে হত্যা।
প্রসিকিউশনের আবেদনে বলা হয়, মোট পাঁচ আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১০ আগস্ট মামলাটি আমলে নেয় ট্রাইব্যুনাল এবং হাবিবুরসহ চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ