প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৪:০৪ পিএম

পটুয়াখালীর পর্যটন শহর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টেলিভিশন চুরি করে পালিয়েছেন এক ভুয়া পরিচয়ধারী পর্যটক।
হোটেল সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি শাওন রানা নামে চারটি কক্ষ ভাড়া নেন এবং নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র জমা দেন। তবে পরে তা ভুয়া বলে প্রমাণিত হয়।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় হোটেল সি লোটাস থেকে অভিনব কৌশলে তিনি টেলিভিশনগুলো খুলে একটি কার্টনে ভরে নিয়ে পালিয়ে যান।
হোটেল ম্যানেজার দীপঙ্কর রায় জানান, শাওন রানা সকালেই হোটেলে ওঠেন এবং জানান আরও কয়েকজন বন্ধু আসবেন। তবে সন্ধ্যার পর থেকে তাকে আর দেখা যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে কক্ষগুলো পরীক্ষা করে দেখা যায় টেলিভিশনগুলো নেই।
কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, “পর্যটকের ছদ্মবেশে কিছু অসাধু চক্র অপকর্ম চালাচ্ছে। হোটেল কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে।”
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, “অভিযুক্ত ভুয়া পরিচয়ে কক্ষ ভাড়া নিয়েছিল। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্তের চেষ্টা করছি।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ