প্রতি সেকেন্ডের মাশুল দিতে হয়...
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:৫৩ পিএম

অভিনয়শিল্পীদের প্রতি সমাজের দায়বদ্ধতা রয়েছে এবং তা কেউ এড়িয়ে যেতে পারবে না বলে মনে করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “যদি কেউ শিল্পী পরিচয় দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে, তার দায় ব্যক্তিগতভাবে নিজেকেই নিতে হবে। কেউ চাইলে শিল্পী সত্তার পরিচয় থেকে বেরিয়ে নতুন পরিচয়ে যেতে পারেন।”
তিনি জানান, কোনো শিল্পী দায়িত্বহীন বক্তব্য দিলে তা গোটা শিল্পী সমাজকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। “আপনার মধ্যেও যদি বর্বর নিকৃষ্ট মানের ভাইরাল–প্রীতি থাকে, তার প্রতি সেকেন্ডের মাশুল পুরো শিল্পী সমাজকে দিতে হয়। এই দায় আমরা কেন নেব?”
রাশেদ মামুন প্রশ্ন তুলেছেন, “আমাদের পেশা আজকের খ্যাতি দিয়েছে, তবে আমরা কি পেশার সার্বিক উন্নয়নের জন্য যথেষ্ট ভূমিকা রেখেছি?” তিনি উল্লেখ করেন, দেশের ৯৯.৬% শিল্পী এখনও দেশে বাস করছেন এবং জীবিকা ও শিল্পী জীবনের দায়ভার নিয়েই সংগ্রাম করছেন।
শিল্পীদের নৈতিক দায়িত্ব ও সহকর্মীদের প্রতি সমর্থনও রাশেদ মামুনের বক্তব্যের কেন্দ্রবিন্দু। তিনি বলেন, “একজন শিল্পী নানা প্রতিকূলতা পেরিয়ে তৈরি হন। অন্যায়ের প্রতিবাদে লড়াই করা আমাদের দায়িত্ব। পরিবারের নৈতিক সীমা অতিক্রম না করে পেশার স্বীকৃতি এবং শিল্পী সমাজের স্বার্থ রক্ষা করতে হবে।”
রাশেদ মামুনের মতে, এখন সময় একসাথে চলার এবং রাষ্ট্রকে ভাবাতে বাধ্য করার, যেন শিল্পীদের পেশাগত স্বার্থ অতি সত্বর আমলে নেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ