প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৫:১২ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় এ+ পাওয়া ৮৩ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে মরহুম মোখলেছুর রহমান সরকার স্মৃতিরক্ষা বৃত্তি–২০২৫ এবং শিক্ষানুরাগী মো. মাহবুব-ই-রাব্বানীর উদ্যোগে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বেনজির আহমেদ মুনসী এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কবির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, শিক্ষানুরাগী মো. মাহবুব-ই-রাব্বানী, সিনিয়র শিক্ষক আব্দুল হক, মতলব উত্তর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি নুর মোহাম্মদ খান, অভিভাবক ও সহকারী অধ্যাপক কামরুন্নাহার, শিক্ষানুরাগী মো. কামরুজ্জামান এবং সার্জেন্ট (অব.) সহিদুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, কেবল ভালো ফল করাই শিক্ষার উদ্দেশ্য নয়; সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠাই শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত। শিক্ষা মানুষের জীবনে আলোকবর্তিকা হিসেবে কাজ করে— তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. আবু সাঈদ ও সামিয়া আক্তার অনুভূতি প্রকাশ করে বলেন, এ সংবর্ধনা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে।
শেষে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক, বই ও পুরস্কার তুলে দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ