প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭:২৫ পিএম

কিশোরগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হিমেল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। সংঘর্ষের সময় বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের রাজকুন্তি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ইমরানুল হক হিমেল বৌলাই মূলসতাল এলাকার মো. হাবিবুর রহমান হবির ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিচিত যুবদলপন্থী রাজন গ্রুপের সমর্থক ছিলেন।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বৌলাই এলাকার বাসিন্দা, জেলা যুবদলের তথ্য সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক-এর মধ্যে।
এই বিরোধের জেরে শুক্রবার বিকেলে রাজকুন্তি এলাকায় উভয় পক্ষ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত হিমেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সংঘর্ষের পর হিমেলের সমর্থকরা প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা তাদের কাজে বাধা দেয় এবং রাস্তায় আটকে রাখে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম