বলিউডের বহুল আলোচিত ছবি ‘জলি এলএলবি ৩’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। সিনেমার টিজারে একটি ডায়লগে বিচারককে ‘মামু’ সম্বোধন করার কারণে অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন পুনের একটি সিভিল কোর্ট।
পুনের দুই আইনজীবী ওয়াজেদ খান বিদকার ও গণেশ মহাসকে আদালতে আবেদন করে অভিযোগ করেন, বিচারককে ‘মামু’ বলে সম্বোধন করা আইন পেশা ও বিচার বিভাগের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। এছাড়া ছবির প্রচারে অভিনেতারা আইনজীবীদের ব্যান্ড পরে উপস্থিত হওয়ায় আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে আদালতের বিচারক জে.জি. পাওয়ার ২৮ আগস্টের মধ্যে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি ও ছবির প্রযোজকদের আদালতে হাজির হতে নির্দেশ দেন। একইসঙ্গে সিনেমার মুক্তি স্থগিতের আবেদনও করা হয়েছে। ফলে আগামী ১৯ সেপ্টেম্বর নির্ধারিত মুক্তি তারিখ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
‘জলি এলএলবি ৩’ মূলত ২০১৩ সালের জলি এলএলবি এবং ২০১৭ সালের জলি এলএলবি ২-এর সিক্যুয়েল। এবারও অভিনয় করেছেন অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি, হুমা কুরেশি, অন্নু কাপুর ও সৌরভ শুক্লা। তবে দর্শকদের কাছে জনপ্রিয় এই সিরিজের নতুন কিস্তি আদৌ মুক্তি পাবে কিনা, তা এখন সম্পূর্ণভাবে আদালতের রায়ের ওপর নির্ভর করছে।