
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন
পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে সাধারণ ভোটার ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি হয়।
বিক্ষোভ চলাকালে মহাসড়কে ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
আন্দোলনকারীরা বলেন, ‘হোমনা ও মেঘনা ভৌগোলিকভাবে কাছাকাছি, যাতায়াত ব্যবস্থা একক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্কও অটুট। অথচ সরকার জনমতের তোয়াক্কা না করে কুমিল্লা-২ আসন বিভক্ত করে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে।’
মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মুন্সী বলেন, ‘হোমনা-মেঘনার মানুষ একসঙ্গে থাকতে চায়। আমাদের আর কোনো দাবি নেই- সরকারকে অনুরোধ করছি, কুমিল্লা-২ আসন
পুনর্বহাল করুন।’
আন্দোলনকারীদের একজন খোরশেদ আলম মিন্টু বলেন, ‘আমাদের দাবি মানা না হলে মেঘনা হোমনার সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিনব্যাপী অবরুদ্ধ করে দেওয়া হবে।’
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন আজহারুল হক শাহীন, শাহাবুদ্দিন আহম্মেদ, শহীদুল্লাহ সরকার, আব্দুল মতিন, নুরুল ইসলাম জহির, মোজাম্মেল হক মুকুল, সানাউল্লাহ সরকার, নজরুল ইসলামসহ হোমনা-মেঘনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং কয়েক হাজার সাধারণ মানুষ।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের ভাঙনের প্রস্তাব রয়েছে, যা নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম