প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২:৪৪ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর রমনা মডেল থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম খান এ তথ্য জানান।
অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাবেক ফুটবলার ও নেতা আমিনুল হক এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশ চলাকালীন রমনা থানা এলাকায় দলটির নেতাকর্মীরা যানবাহনে ক্ষতিসাধন, পুলিশের কাজে বাধা প্রদান এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর ৩১ অক্টোবর মির্জা ফখরুলসহ ৫৫ জনের নামে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে তাদের অব্যাহতির আবেদন করা হয় এবং পরে আদালত তা মঞ্জুর করেন।